২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৭
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা ও জনমত বাড়িয়ে আন্দোলনমুখী হওয়ার পদক্ষেপ নেয়াসহ দল গোছাতে আবারো রাজপথে নামার পরিকল্পনা নিয়েছে বিএনপি।
বিগত কয়েক বছর ধরে মিছিল-সমাবেশে প্রশাসনের প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে তাদের দাবি-দাওয়া ও সরকারের বিরুদ্ধে বক্তব্যগুলো জনগণের কাছে তুলে ধরার বিকল্প মাধ্যম হিসেবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ জনস্বার্থ সংশ্লিষ্ট ১৯ দফা দাবি হাতে নিয়ে কয়েকদিনের মধ্যেই আবারো রাজনীতির মাঠে নামছেন দলের হাইকমান্ড।জনসংযোগের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে জনমত প্রভাবিত করাই এর মূল লক্ষ্য।
দলীয় সূত্র হতে জানা গেছে, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দলের ভেতর থেকে শক্ত কর্মসূচি দেয়ার চাপ থাকলেও সে পথে যেতে চাচ্ছে না হাইকমান্ড। তারা ১৯ দফার প্রতিটি ইস্যুকে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণের প্রতিক্রিয়াও পেতে চায়। এভাবে ধীরে ধীরে আবারো রাজপথ দখলের চেষ্টা করছেন দলের নীতিনির্ধারকরা।
এ বিষয়ে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানিয়েছেন, ইতোমধ্যে রাজধানীসহ সারা দেশের প্রায় সব জেলা থেকে সভাপতি-সাধারণ সম্পাদকরা পোস্টার লাগিয়ে তার আলোকচিত্র গুলশান অফিসে পাঠাচ্ছেন।
তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ বিষয়টা ব্যাপক সাড়া ফেলেছে। বেগম খালেদা জিয়ার পরামর্শ অনুযায়ী সিনিয়র নেতারা নিজ হাতে পোস্টার সাঁটছেন।
তিনি আরো বলেন, এই অভাবনীয় দৃশ্য অবলোকন করে সাধারণ নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ‘১৯ দফা দাবি’এবং ‘বাজারে আগুন, বিপর্যস্ত জনজীবন’ শিরোনামে সচেতনতামূলক পোস্টার লাগানো এবং জনমত গঠনে বিএনপি সরকারের আমলে নিত্যপণ্য ও সেবাজাতীয় পণ্যের দাম কত ছিল, আর আওয়ামী লীগ সরকারের বর্তমান সময়ে দাম কত বেড়েছে এবং দামবৃদ্ধির শতকরা হারও কত সে বিষয়টাও জনগণের কাছে তুলে ধরছে।
শুধু তাই নয়, নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের বর্তমান দাম তুলে ধরার পাশাপাশি জ্বালানি তেল,গ্যাস, বিদ্যুৎ, পানি, গণপরিবহন, বাড়ি ভাড়া, ট্রেড লাইসেন্স, সিএনজি অটোরিকশা, জমির খাজনা ও সারের দাম বিএনপি সরকারের চেয়ে অনেকগুণ যে বেড়েছে, এ সব বিষয় নিয়ে জনমত গঠনের চেষ্টা করছে।
দলের নীতিনির্ধারকরা মনে করছেন,জনসম্পৃক্ত এসব ইস্যুতে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা সহজ হবে। গোটা দেশের দলীয় ইউনিটগুলো থেকে এসব প্রচার-প্রচারণা চালানোর শুরু হচ্ছে। এসব দাবির পক্ষে জনমত গঠন হলেই বৃহত্তর আন্দোলন নিয়ে মাঠে নামবে বিএনপি।
একটি সূত্র থেকে জানা গেছে, কয়েকদিন আগে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে কয়েকটি বিষয়ে পরার্মশ দিয়েছেন জাতীয়তাবাদী মতাদর্শের অনুসারী বুদ্ধিজীবীগণ।
তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছয় মাস ধরে অভিমান করে দূরে থাকা ওই বুদ্ধিজীবীরা সম্প্রতি দলের মঙ্গল কামনায় আবারো সক্রিয় হয়ে উঠেছেন। তারা দলীয় প্রধানকে সবকিছু গুছিয়ে নিয়ে জনসম্পৃক্ত ইস্যুতে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বেগম জিয়ার পরামর্শক্রমে জনসম্পৃক্ত ইস্যুগুলো মাথায় রেখে ১৯ দফা নির্ধারণ করা হয়েছে।
এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- গুম, খুন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যা বন্ধ, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং অপহৃত সব নাগরিককে পরিবারের কাছে ফেরত প্রদান, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পাচার, ব্যাংক লুট, শেয়ার কেলেঙ্কারিসহ রাষ্ট্রের টাকা আত্মসাৎ ও পাচারকারীদের গ্রেপ্তার এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধার করে দেশে ফিরিয়ে আনা।
পশাপাশি রাষ্ট্রীয় দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা, বিচার বিভাগকে সরকারের প্রভাব মুক্ত করা, শিক্ষার মান ধ্বংস, পরীক্ষায় কৃত্রিম উপায়ে পাসের হার বৃদ্ধি, প্রশ্নপত্র ফাঁস ও সরকারি চাকরিতে নিয়োগে দলীয়করণের ঘৃণ্য অপতৎপরতা বন্ধ করা, সুন্দরবন রক্ষার্থে পরিবেশ বিধ্বংসী ও বিতর্কিত কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প অবিলম্বে বন্ধ করা।
এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের মূল্য কমানো, চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপণ্যের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানো।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, দলের হাইকমান্ডদের নিয়ে দেশ ব্যাপি সফর করার আগে বিএনপি চেয়ারপারসন একটি সংবাদ সম্মেলনে আসবেন এবং ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ সফর সম্পর্কে জানাবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D