তৃতীয় দফা বন্যা : সুনামগঞ্জের ৫ লাখ মানুষ পানিবন্দি

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৪

তৃতীয় দফা বন্যা : সুনামগঞ্জের ৫ লাখ মানুষ পানিবন্দি

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। সুরমাসহ সব নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের ১২ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে ৫ লাখ মানুষ নতুন করে পানিবন্দি হয়ে পড়েছে।


সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার সাদিকুর রহমান বলেন, ‘তৃতীয়বারের মতো পানি ঢুকছে। গতবারের পানির ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারিনি, তার মধ্যে তৃতীয় দফায় আবারও বন্যার কবলে পড়েছি। বন্যার পানির সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কোনো গতি নেই।’

শহরের মল্লিকপুর এলাকার বাসিন্দা লিপি রানী জানান, নদীর পাড়ে ঘর হওয়ায় পানির প্রথম ধাক্কা তাদের ঘরের ওপর দিয়েই যায়। শুক্রবার (১২ জুলাই) ভোর থেকে বসতবাড়ি ও সড়কের ওপর দিয়ে পানি যাওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন। তবে তিন দফা বন্যার কবলে পড়েলেও কেউ এসে খোঁজ নেননি।

এদিকে নদীর পানি উপচে সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া, বাগানবাড়ী, উকিলপাড়া, নবীনগরসহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে শহরে নদীর পানি ঢুকছে। এদিকে ঢলের পানিতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক ডুবে গেছে। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে সুনামগঞ্জ শহরের ষোলঘর, লঞ্চঘাট, আরপিননগর, সাহেববাড়ী ঘাট, মল্লিকপুরসহ অসংখ্য এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুরমার পানি ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে আবারও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী ৫ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট