২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৪
সিলেটের গোলাপগঞ্জে ২৮ লক্ষাধিক টাকার মাদক সহ ৩ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ ফুলবাড়ি পূর্বপাড়া এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো – দক্ষিণ সুরমার বলদি এলাকার মৃত নানু মিয়ার ছেলে এনাম আহমদ (৪৬), তার ঘনিষ্ঠ সহযোগী নগরীর কুমারপাড়া এলাকার মৃত ইয়াসির আলী উরফে আব্দুল হকের ছেলে সিরাতুল আম্বিয়া টিপু (৪০) ও ফজর আলী।
শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সজল কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে ঢাকা মেট্রো-গ-১৩-১৫৩৭ নম্বরের একটি প্রাইভেট কার জব্দ করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এসময় গাড়ি তল্লাশী করে ট্রলি ব্যাগ ও স্কুল ব্যাগে থাকা ৮ হাজার ২০০ পিস ইয়াবা ও ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এছাড়াও নগদ ১ লক্ষ ২ হাজার ২০০ টাকা ও মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
এসময় বিদেশগামী যাত্রীবেশী মাদক কারবারী এনাম ও টিপুকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী ফজর আলীকে দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ছদ্মবেশে জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের চালান এনে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তারা এর আগেও একাধিকবার ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার হলেও জামিন নিয়ে পুনরায় একই পেশায় জড়িয়ে পড়ে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমীন জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D