২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ২, ২০২২
বর্তমান সরকার সব দুর্যোগ মোকাবিলায় সফল বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, এবারের বন্যার ক্ষয়ক্ষতি পোষাতে সব ধরনের চেষ্টা করা হবে। বন্যা–পরবর্তী পুনর্বাসনের কাজেও সরকার মনোযোগী থাকবে। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
শনিবার (২ জুলাই) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে। এই সরকারের শাসন আমলে কোনো মানুষ খাদ্যসংকটে ভুগবে না। সুনামগঞ্জের বন্যাকবলিত অঞ্চলের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে এ প্রকল্প গ্রহণে সম্মতি দিয়েছেন। সবার সমন্বিত প্রচেষ্টায় বন্যা মোকাবিলা করতে হবে। বর্তমান সরকারের প্রতি আস্থা রাখতে হবে। পুনর্বাসন, রাস্তাঘাট মেরামতসহ বন্যার ক্ষয়ক্ষতি পোষাতে সব প্রচেষ্টা চালানো হবে।
রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে ও রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছদরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।
পরে ত্রাণ বিতরণ শেষে পরিকল্পনামন্ত্রী রানীগঞ্জ উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও কুশিয়ারা নদীর ওপর রানীগঞ্জ সেতুর কাজ পরিদর্শন করেন। এ সময় পরিকল্পনামন্ত্রী চলতি বছরের সেপ্টেম্বর মাসে সেতু উদ্বোধনের আশা প্রকাশ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D