২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল শুরু হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে রাজধানীর পল্টন এলাকাসহ নগরীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এ হরতাল পালন শুরু করেছে বাম জোটগুলো।
পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সোমবার সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল বাসদ, সিপিবি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা পল্টন মোড় মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা গ্রহণ করে। এছাড়া পল্টন মোড়ে ব্যারিকেড় দিয়ে যানচলাচল বন্ধ করা হয়েছে।
এ দিকে বাম জোটের ডাকা হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পল্টন মোড়ে অবস্থান গ্রহণ করতে দেখা গেছে।
পল্টন মোড়ে বিক্ষোভরত সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ সড়কে নেমে এসেছে। এ হরতালে কোনো ধরনের উস্কানি দেবেন না।
বাম জোটের নেতারা বলছেন, যারা হরতালে গাড়ি চালাবেন তারা জাতির শত্রু। এরা সরকারের দালাল। এদের দ্রুত চিহ্নিত করা হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গণমাধ্যমকে বলেন, হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর এলাকায় বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখান থেকে নয়জনকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া আমাদের কাছে সারা দেশে মিছিলে বাধা দেওয়া ও হামলার খবর আসছে।
এ দিকে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের কারণে যান চলাচল বন্ধ থাকায় হেঁটে এবং রিকশায় চেপে অনেককেই গন্তব্য স্থলে রওনা দিতে দেখা গিয়েছে।
অপর দিকে রাজধানীর পল্টন-মতিঝিল, কাকরাইল ও এর আশপাশের কয়েকটি সড়কে তেমন গাড়ি না দেখা গেলেও অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীর পুরানা পল্টন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের হলরুমে গত ১১ মার্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এই হরতাল কর্মসূচির ঘোষণা করেছিল দলটি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D