চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬

চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক

পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় বৃষ্টি খাতুন (২৫) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা দুই বছরের কন্যাশিশু অক্ষত থাকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বেড়া-কাশীনাথপুর সড়কের বেড়া উপজেলার সানিলা এলাকায় একটি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃষ্টি খাতুন সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের হাসান মল্লিকের মেয়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুসন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বেড়া বাসস্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন বৃষ্টি। পথে সানিলা এলাকায় পৌঁছালে তিনি অসাবধানতাবশত মাথা বের করে থুতু ফেলতে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তার মাথায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে।

মাধপুর মহাসড়ক থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট