সুনামগঞ্জে বন্দোবস্ত ভূমি উদ্ধারে ভূমিহীন পরিবারের মানববন্ধন

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

সুনামগঞ্জে বন্দোবস্ত ভূমি উদ্ধারে ভূমিহীন পরিবারের মানববন্ধন

ইউপি চেয়ারম্যানের কবল থেকে বন্দোবস্ত পাওয়া ভূমি উদ্ধারের দাবিত সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ৯টি ভূমিহীন পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে। গতকাল বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভূমিহীন পরিবারের আব্দুল হান্নান, অঞ্জুরা বেগম প্রমুখ। এতে ভূমিহীন পরিবারের সদস্যদের মধ্য মানববন্ধনে আরও অংশ নেন জুনাব আলী, আব্দুল কাদির, মাইনুল হক, লাল মিয়া, রজিয়া খাতুন, দিলারা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, তারা ৯টি ভূমিহীন পরিবার সরকারের কাছ থেকে খাস ভূমি বন্দোবস্ত নিয়ে নামজারি ও জমাখারিজ করেছি। বিগত স্যাটেলমেন্ট জরিপের সময় আমাদের নাম মাঠপরছা দেয়ার সময় সার্ভেয়ার আমাদের বন্দোবস্ত পাওয়া ভূমির দলিল জমা নেন। পরে মাঠ পরছা দেননি সার্ভেয়ার। মূল দলিলও ফেরৎ চাইলে সার্ভেয়ার আমাদের কাছে দলিল ফেরৎ না দিয়ে ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজার কাছে দলিল দিয়ে যান। এখন আমরা দলিল ফেরৎ চাইলে ইউপি চেয়ারম্যান আমির হোসেন রেজা দলিল ফেরৎ না দিয়ে বন্দোবস্ত পাওয়া ভূমি দখল করে নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছেন। বক্তারা আরও বলেন, গত বুধবার বন্দোবস্ত পাওয়া ভূমি উদ্ধারে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন ভূমিহীন আব্দুল মান্নান।