২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের প্রচলিত ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদভিত্তিক অবস্থানের নতুন নিয়ম চালুর নীতিগত অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস। নতুন এই নীতি কার্যকর হলে অধিকাংশ বিদেশি শিক্ষার্থী সর্বোচ্চ চার বছর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি পাবেন।
ব্লুমবার্গ ল-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ‘এফ’ ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থীরা তাদের একাডেমিক কার্যক্রম চলমান থাকা এবং ভিসার শর্ত মেনে চলার সাপেক্ষে কোর্স শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন। তবে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে না পারলে তাদের অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হবে।
জানা গেছে, হোয়াইট হাউসের ‘অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট’ (ওএমবি) ইতোমধ্যে চূড়ান্ত প্রবিধানটির পর্যালোচনা সম্পন্ন করেছে। এটি আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের আগের শেষ ধাপ হিসেবে বিবেচিত হয়।
নতুন বিধান শুধু ‘এফ’ ভিসাধারী শিক্ষার্থীদের ক্ষেত্রেই নয়, ‘জে’ এক্সচেঞ্জ ভিজিটর, ‘আই’ ক্যাটাগরির ভিসাধারী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
প্রস্তাবিত নীতিমালায় ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থা বাতিল করে অধিকাংশ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ চার বছরের অবস্থানসীমা নির্ধারণের কথা বলা হয়েছে। কোনো শিক্ষার্থীর পড়াশোনা সম্পন্ন করতে চার বছরের বেশি সময় প্রয়োজন হলে তাকে অতিরিক্ত সময়ের জন্য মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কাছে পৃথকভাবে আবেদন করতে হবে।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ২০২৫ সালে প্রথম এ পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করে। যদিও প্রথম ট্রাম্প প্রশাসনের সময় এ নীতির পরিকল্পনা করা হয়েছিল, তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এবার হোয়াইট হাউসের পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় চূড়ান্ত নিয়মটি যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, নতুন নীতি কার্যকর হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার পরিকল্পনা, ভিসা নবায়ন এবং যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদি অবস্থানের ক্ষেত্রে নতুন বাস্তবতার মুখোমুখি হতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D