বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত : কাদের

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ওবায়দুল কাদের সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে ২৪ জানুয়ারি এক ঐতিহাসিক দিন। এদিনে তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানের পতনের লক্ষ্যে দুর্বার গণআন্দোলনে শহীদ হন কিশোর মতিউর রহমান, রুস্তমসহ অনেকেই। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি অনন্য গুরুত্ব বহন করে।

তিনি বলেন, একইভাবে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি গণতন্ত্রের বাতিঘর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন আরেক স্বৈরশাসক চট্টগ্রামের লালদিঘীর ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গণহত্যা চালায়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রাণ রক্ষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানবঢাল তৈরি করেন। সেদিন পুলিশ আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ২৪ জন বা তার অধিক নেতাকর্মীকে হত্যা করে এবং আহত হয় কমপক্ষে দুই শতাধিক নেতাকর্মী। তাই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নৃশংসতম কালো দিন।

তিনি আরও বলেন, অপশক্তির প্রতিভূ বিএনপি ও জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করতে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরশাসনের গর্ভের জন্ম নেওয়া বিএনপি গায়ে গণতন্ত্রের আস্তিন জড়ালেও তাদের আস্তিনের মধ্যেই রয়েছে গণতন্ত্রের টুঁটি চেপে ধরা দানবীয় রূপ।

স্বৈরতন্ত্রের প্রতিভূ বিএনপির গোপন অভিপ্রায়ে রয়েছে গণতন্ত্রকে নস্যাৎ করার নানামুখী ষড়যন্ত্রের নীলনকশা। নির্বাচনে অংশ না নেওয়া, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন কমিশন (ইসি) ও গণতান্ত্রিক কাঠামোকে শক্তিকরণে অনিহা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করা, দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত থাকা সেই নীলনকশারই বর্হিপ্রকাশ মাত্র।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট