ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৬

ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের জন্য এসেছে বড় ধরনের এক সুখবর। সে দেশে যেসব বিদেশি নাগরিকের ভিসা বা রেসিডেন্সি পারমিটের (আকামা) মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বকেয়া জরিমানার ৭৫ শতাংশ মওকুফ বা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুর্দিস্তান সরকার।

বুধবার (২১ অক্টোবর) কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বার্তা অনুযায়ী, কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ নম্বর ৩২৫৫৭-এর আওতায় নির্ধারিত শর্ত পূরণকারী বিদেশি নাগরিকদের বিলম্বজনিত জরিমানার ৭৫ শতাংশ মওকুফ করা হবে। অর্থাৎ, তাদের মোট জরিমানার মাত্র ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।

ঘোষণায় বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিক বৈধ ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন, কিন্তু কোনো কারণে ভিসার মেয়াদ বাড়াতে পারেননি কিংবা ভিসাকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেননি, তারা এ সুবিধার আওতায় আসবেন।

একইভাবে যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে, তারাও নির্ধারিত শর্তে এ ছাড় পাবেন।

এ ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নম্বর ১-এ উল্লেখিত বিলম্বজনিত জরিমানার ওপর ছাড় কার্যকর হবে।

জরিমানায় ছাড় পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলের যেকোনো একটি রেসিডেন্সি অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারা এ সুবিধা নিতে পারবেন।

কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এ সিদ্ধান্ত স্বস্তির সুযোগ তৈরি করেছে। বিশেষ করে যাদের ভিসা বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছিল, তারা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জরিমানার ৭৫ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ পাবেন। তবে এ সুবিধা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করে প্রযোজ্য নিয়ম ও শর্ত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।