ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ জয় : কাদের

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০

ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক সজীব ওয়াজেদ জয় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার রোল মডেল। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির রোল মডেল। বঙ্গবন্ধু ও তার কন্যার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন বঙ্গবন্ধুর দৌহিত্র, কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়।

রবিবার (২৬ জুলাই) তথ্য ও যোগাযোগ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে ‘সজীব ওয়াজেদ জয় : সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ও গ্রন্থের প্রকাশক জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এবং গ্রন্থের সম্পাদক আশরাফুল আলম খোকন ও গ্রন্থের পরিকল্পনাকারী ইয়াসিন কবির জয় উপস্থিত ছিলেন।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে নিঃশব্দে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়।

ওবায়দুল কাদের বলেন, দেশের লাখ লাখ তরুণ এখন ঘরে বসে আয় করছে। প্রতিযোগিতা করছে গোটা বিশ্বের সাথে। লাখ লাখ তরুণের মাঝে এ স্বপ্ন বুনে দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। মেধাবী তারুণ্যের হাত ধরেই বাংলাদেশ সমৃদ্ধির সোনালী সোপানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

এ দেশের রাজনীতিতে সততা আর দেশপ্রেমের অনন্য নজির বঙ্গবন্ধুর পরিবার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের প্রতিটি অর্জনে রয়েছে বঙ্গবন্ধু পরিবারের বলিষ্ঠ অবদান। ৭৫ পরবর্তী দেশে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদ শেখ হাসিনা।

আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, বৈশ্বিক মহামারি করোনা দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে ক্ষণিকের ছন্দপতন ঘটালেও দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল দূর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির লক্ষ্যে।

এ সময় প্রকাশিত গ্রন্থটির অনলাইন সংস্করণও উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট