ভারতীয় পার্লামেন্টে অমিত শাহ’র বক্তব্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন : ফখরুল

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

ভারতীয় পার্লামেন্টে অমিত শাহ’র বক্তব্য মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন : ফখরুল

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল আলোচনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় পার্লামেন্টে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, কূটনৈতিক ভাবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন এক সোনালী অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে দুই দেশের নেতারা প্রায়ই এমন দাবি করলেও ভারতের লোকসভায় অমিত সাহা বলেছেন সেই বন্ধু প্রীতম বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা এখনো নির্যাতনের শিকার হচ্ছেন। তিনি বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে তার বক্তব্যের এক পর্যায়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের নাম উচ্চারণ করে শিষ্টাচারবহির্ভূত ভাবে সরাসরি অভিযোগ করে বলেন বাংলাদেশ বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সেখানে ব্যাপক হারে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। নির্যাতনের শিকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ভারতে পালিয়ে এসেছে। এর মাধ্যমে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাম্প্রদায়িক নিপীড়নকারী দল হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালিয়েছেন।