এবার দেশে আসছে ‘অচিন পাখি’

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৯

এবার দেশে আসছে ‘অচিন পাখি’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ৬ষ্ঠ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘অচিন পাখি’।

এর আগে (শনিবার ২১ ডিসেম্বর) দেশে পৌঁছেছে পঞ্চম ড্রিমলাইনার ‘সোনার তরী’। ‘অচিন পাখি’ ও ‘সোনার তরী’ নাম দুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে নতুন ড্রিমলাইনার ‘অচিন পাখি’। বিমান সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টিতে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ ডিসেম্বর ড্রিমলাইনার দুটি এবং বিমানের মোবাইল অ্যাপস অনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

‘অচিন পাখি’ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা থাকছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।

বিমান সংশ্লিষ্টরা জানান, বিমানের মোবাইল অ্যাপস ব্যবহার করে যাত্রীরা নিজের মোবাইল ফোন থেকেই কিনতে পারবেন বিমানের সকল গন্তব্যের টিকিট। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপস স্টোর থেকে যেকোনো স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বিমানের ফ্লাইট-সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে। মূল্য পরিশোধ করা যাবে বিকাশ, রকেট বা যেকোনো কার্ডের মাধ্যমে।