রাজাকারের তালিকায় ব্যয় ৬০ কোটি টাকা

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

রাজাকারের তালিকায় ব্যয় ৬০ কোটি টাকা

সদ্য বাতিল হওয়া রাজাকারের তালিকা করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ৬০ কোটি টাকা দিতে হয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দালাল আইনে অভিযুক্তদের নামের তালিকা আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। এসব মামলায় যারা খালাস পেয়েছেন তাদের নামেও নোট হিসেবে দেওয়া হয়েছিল। মন্ত্রী চেয়েছেন, আমরা দিয়েছি। কিন্তু তা প্রকাশ করবেন কি না তা আমাদের বলেননি। আমি বিশ্বাস করি তিনি হয়তো ভালো কিছু করার জন্যই এই তালিকাটি চেয়েছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওই ৬০ কোটি টাকা কোথায় খরচ করেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ তিনি একজন সিনিয়র মন্ত্রী।

বিতর্কিত তালিকা তৈরি করা ‘সাবোট্যাজ’ কি না, জানতে চাইলে তিনি বলেন, সেটা খতিয়ে দেখা হবে। আমার মন্ত্রণালয় যে কাজ করেছে, তাতে ভুল হতে পারে। তবে এ ধরনের একটি বড় কাজে সেই ভুল কতখানি সহনীয় তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হবে।’

গত ১৫ ডিসেম্বর প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। তালিকা প্রকাশের পর দেখা যায়, জীবন বাজি রেখে যারা যুদ্ধে গিয়েছিলেন, তাদের অনেকের নাম এ তালিকায় রয়েছে। আবার কুখ্যাত অনেক রাজাকারের নাম নেই এ তালিকায়। বিষয়টি নিয়ে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় সেই তালিকা প্রত্যাহার করে নেয় মন্ত্রণালয়।