গুলশানের হলি আর্টিজান হামলার রায় আজ, ৮ জঙ্গির ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯

গুলশানের হলি আর্টিজান হামলার রায় আজ, ৮ জঙ্গির ফাঁসি চায় রাষ্ট্রপক্ষ

গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার রায় আজ বুধবার (২৭ নভেম্বর)। এই মামলায় আট আসামির সবার সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

যদিও এই আসামিদের (আট আসামি) সবাই আদালতে আত্মপক্ষ সমর্থনের সময় নিজেদের নির্দোষ বলে দাবি করেছিলেন।

আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আশাবাদ ব্যক্ত করে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির জানান,  ‘দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিপন্ন করতে অত্যন্ত পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় হলি আর্টিজান বেকারিতে হামলা করা হয়। কূটনৈতিক এলাকায় হামলা করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্য ছিল সন্ত্রাসীদের। তাই এই মামলার রায়ে অভিযুক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আমরা আশাবাদী।’

এর আগে, ১৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ২৭ নভেম্বর ধার্য করেন।

রায় ঘোষণা উপলক্ষে মঙ্গলবার রাত থেকে ঢাকা আদালত পাড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম ও কৃষ্ণ পদ রায় আদালত পাড়া পরিদর্শন করেন।

ঢাকার আদালতের উপ-পুলিশ কমিশনার (ডিসি প্রসিকিউশন) জাফর হোসেন বলেন, ‘হলি আর্টিজান মামলার রায় উপলক্ষে ডিএমপির দুই অতিরিক্ত পুলিশ কমিশনার আদালত পাড়া পর্যবেক্ষণ করেছেন। তারা নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন। হামলার কোনো আশঙ্কা নেই। তবুও আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।