৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৯
বিচারহীনতার সংস্কৃতি এখন বাংলাদেশে নেই, অপরাধ করে পার পাওয়া যায় না, নুসরাত হত্যার রায় এর প্রমাণ বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এ সময় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ পিটিয়ে হত্যারও সুষ্ঠু বিচার হবে বলে জানান তিনি।
শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১১টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানস্থ নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইনমন্ত্রী।
এ সময় বহুল প্রতীক্ষিত নৃশংস হত্যাকাণ্ডের রায় নিম্ন আদালত ঘোষণা করেছেন উল্লেখ করে আনিসুল হক বলেন, যারা বর্বর এ হত্যাকাণ্ডে জড়িত, রায়ে তাদের সর্বোচ্চ সাজা ফাঁসি হয়েছে।
আইনমন্ত্রী আশা ব্যক্ত করে বলেন, নিম্ন আদালতের রায় উচ্চ আদালতেও তড়িৎগতিতে সম্পন্ন হবে। জনগণকে আমরা এ বার্তা দিতে চাই, যে যত ক্ষমতাধর হোক না কেন, শেখ হাসিনার সরকার বিচার করবেই।
মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার রায়ের প্রসঙ্গে তিনি বলেন, সব আইনি প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুততম সময়ের মাধ্যমে নুসরাত হত্যার রায় ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনার সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর। শেখ হাসিনার সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বিচার পাওয়ার সংস্কৃতিতে এ জাতিকে ফিরিয়ে এনেছে।
আমরা আইনের শাসনে বিশ্বাস করি উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সংবিধানের আলোকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে শেখ হাসিনার উন্নয়ন টেকসই হবে। তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় ১৬ জনের মধ্যে ১২ জন স্বীকারোক্তি দিয়েছে। বিচারক মনে করেছেন, সবাই সমান অপরাধী, তাই ফাঁসির রায় দিয়েছেন।
রায়ের ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে কাগজপত্র আসবে বলে জানিয়ে আনিসুল হক বলেন, কাগজপত্র এলে সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তি করবেন বলে আশা রাখি। এছাড়াও নুসরাতের পরিবারকে যতদিন প্রয়োজন, ততদিন নিরাপত্তা দেওয়া হবে। কোনো কুচক্রী মহল হুমকি দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, নতুন আইন কার্যকর হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে। বর্তমান আইনে চালকের লাইসেন্স পাওয়ার ব্যাপারে স্বচ্ছতা আনা হয়েছে। সার্বিকভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যুগোপযোগী আইন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D