১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ১৭, ২০১৯
১৭ মে ২০১৯, শুক্রবার : বাসায় পর্যাপ্ত পানি সরবরাহ না পাওয়ায় নগরীর কুমারপাড়ায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সম্মুখে অবস্থান নেন কয়েকজন নারী। এ সময় তাদের হাতে ছিল ডেক-ডেকচি ও কলসি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় নগরীর ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের ১০-১২ জন বাসিন্দা এ অবস্থান নেন। এসময় তারা প্রায় ৩০ মিনিট অবস্থান করেন।
এক মাসেরও বেশী সময় ধরে পর্যাপ্ত পানি না পাওয়ার অভিযোগ করেন অবস্থানকারীরা। তারা জানায়, গত এপ্রিল মাসের ১০ তারিখ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের মিতালী ৮৩,৮৪,৮৫,৮৬, ৮৯ ও ৯৮ নম্বর বাসাসহ বেশ কয়েকটি বাসায় পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও বিষয়টির কোন সুরাহা হচ্ছে না।
বিক্ষোভে অংশ নেয়া মিতালী ৮৪ নম্বর বাসার বাসিন্দা হাসিনা শাহীন জানান, গত এক মাস ধরে তার বাসায় পানি পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জল জানান, এ এলাকার পানির লাইনসহ আরো কিছু উন্নয়ন কাজ চলছে। যে কারণে পানি পেতে ওই এলাকার বাসিন্দাদের কিছু সমস্যা পোহাতে হয়েছে।
এদিকে, পানি না থাকার অভিযোগ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে সিসিকের পানি শাখার কর্মকর্তাদের নিয়ে সরেজমিনে যান মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় সেখানে বেশ কিছু অবৈধ সংযোগের সন্ধান পান তিনি।
সাংবাদিকদের মেয়র জানান, মিতালী ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৯, ৯৮ নং বাসাসহ কয়েকটি বাসায় সিটি কর্পোরেশনের বৈধ একটি লাইন থাকলেও সংযোগ দেয়া হয়েছে অবৈধ লাইন। অবৈধ লাইনে পানির মটর লাগিয়ে দু’তলা ও তিনতলার ভাড়াটেদের পানি সরবরাহ করা হচ্ছে। ফলে, সিটি কর্পোরেশন যেমন পানির বিল থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি গ্রাহকরাও দুর্ভোগ পোহাচ্ছেন। আইন আমান্য করে যারাই এ ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। তিনি পবিত্র রমজান মাসে অবৈধ মটর লাগিয়ে অন্যকে পানি প্রাপ্তি থেকে বঞ্চিত না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D