|
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৬
ভোলায় পৃথক ঘটনায় বোরহানউদ্দিন ও দৌলতখানে তিনজনের মৃত্যু হয়েছে। বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই ভাই। অন্যদিকে, দৌলতখানে রাস্তার পাশ থেকে রাকিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ ঘটনা দুটি ঘটে।
বোরহানউদ্দিনে মারা যাওয়া দুই ভাই হলেন আব্দুর রহিম (৪০) ও মো. রাকিব (৩০)। তাঁরা তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের শিবপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের বাবা মো. আলম বক্তার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আইয়ুব আলীর বাড়ির পাশের একটি বাগানে গাছ কাটতে যান আলম বক্তার। এ সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসেন তাঁর দুই ছেলে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যান আলম বক্তার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার হাট-নইমুদ্দিন বাজার সড়কের পাশ থেকে বৃহস্পতিবার ভোরে রাকিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আজগর বাড়ির নুর নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মুসল্লিরা আজগর বাড়ির মসজিদের টয়লেটসংলগ্ন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ওই যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D