১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, মে ২, ২০১৯
সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্ট। ব্যস্ততম এই সড়কটি এক লেন হিসেবেই ব্যবহৃত হয়ে আসছিল। তবে আজ বুধবার রাত থেকে সড়কটি দুই লেন হিসেবে উন্মুক্ত করা হয়েছে। একইসাথে এ সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক শাখা যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র জানান, চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়কে এখন একদিক থেকেই যানবাহন চলতে পারে। তবে নগরবাসীর স্বার্থে এবং সড়ককে হকারমুক্ত রাখতে এখন চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়ক দুই লেন করা হয়েছে। এর ফলে উভয় দিক থেকেই যানবাহন চলাচল করতে পারবে। তবে এ সড়কে রিকশা, লেগুনা কিংবা ট্রাক চলাচল করতে পারবে না। সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার, লাইটেস এসব যানবাহন চলাচল করবে এ সড়কে।
আরিফ আরো জানান, সিসিক ও এসএমপির ট্রাফিক শাখা মিলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে নগরীর সবচেয়ে ব্যস্ততম এই সড়কে যানজট কমবে, নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন। এছাড়া পর্যটকদের আনাগোনা যেহেতু জিন্দাবাজার এলাকায় বেশি, সেহেতু তারাও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।
সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সড়কটি দুই লেন করার ফলে এ সড়কে যতো প্রতিবন্ধক (ব্যারিকেড, পুলিশ বক্স প্রভৃতি) আছে, সব সরিয়ে নেয়া হবে। এছাড়া জিন্দাবাজার থেকে কোর্ট পয়েন্ট সড়কে যে কালভার্টের কাজ চলছিল, তাও সম্পন্ন হয়েছে। ফলে সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
এদিকে, সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে আজ বুধবার রাত ৯টার দিকে সড়ক পরিদর্শনে বের হন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, এসএমপির উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদসহ সংশ্লিষ্টরা। এসময় সিসিকের নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটওয়ারী, ইসমাইলুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব’সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D