|
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬
সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টি বারকি নৌকা ধ্বংস করা হয়েছে। এ সময় অবৈধভাবে মজুত করা ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়। এতে নিলাম থেকে ১ লাখ ৪২ হাজার ১০৮ টাকা আদায় হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, আনসার এবং বিজিবির শ্রীপুর ও মিনাটিলা বিওপি সহযোগিতা করে।
অভিযান সূত্রে জানা গেছে, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৭৩টি বারকি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এসব নৌকার আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা।
এছাড়া নদীর আদর্শগ্রাম ঘাটে মজুত করা ১ হাজার ৫২০ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারি এলাকায় মজুত করা ৬ হাজার ৯৬৬ ঘনফুট বালু জব্দ করা হয়। দুই স্থান থেকে উদ্ধার করা মোট ৮ হাজার ৪৮৬ ঘনফুট বালু তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়। এতে ১ লাখ ৪২ হাজার ১০৮ টাকা পাওয়া যায়।
প্রশাসন সূত্রে জানানো হয়, নিলামের অর্থের সঙ্গে সরকারি রাজস্ব হিসেবে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদ ২১ হাজার ৩১৬ টাকা এবং ১০ শতাংশ আয়কর বাবদ ১৪ হাজার ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিলাম ও করের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
অভিযান শেষে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সব সরঞ্জাম ও কার্যক্রম এক দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
রাংপানি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ১৭ অক্টোবর শনিবার বিকেল ৪টায় একটি যৌথ মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। এতে পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বার্কি শ্রমিক ও পরিবহন শ্রমিকদের অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D