হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬

হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে অসুস্থ হয়ে পড়ার পর হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত এনামুল হাসান চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ গ্রামের আব্দুর রফিকের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, গত ১৫ জুলাই একটি মাদক মামলায় তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষের ভাষ্য, বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে এনামুল হাসান বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এনামুল হাসানের মা, ভাইসহ স্বজনরা।নিহতের বড় ভাই কামরুল হাসান বলেন, ‘আমার ছোট ভাই ভোর ৫টার দিকে মারা গেছে। অথচ আমাদের খবর দেওয়া হয়েছে সকাল ৯টার দিকে। মরদহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মনে করছি, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার দাবি জানাই।

হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শংকর কুমার মজুমদার বলেন, ভোরে ঘুম থেকে উঠে এনামুল বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা জটিল মনে করলে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এনামুল হাসানের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট