সিলেটে পর্যটক দম্পতিকে হেনস্থা, এএসআই ক্লোজড

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

সিলেটে পর্যটক দম্পতিকে হেনস্থা, এএসআই ক্লোজড

৩০ মার্চ ২০১৯, শনিবার : ময়মনসিংহ থেকে সিলেটে বেড়াতে আসা এক দম্পতিকে হেনস্থা ও তাদের কাছ থেকে ঘুষ নেয়ার অপরাধে এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এছাড়া দম্পতিকে হেনস্থার ঘটনার সত্যতা জানতে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযুক্ত পুলিশ সদস্য এএসআই মো. ওবাইদুর রহমান হযরত শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেন।

গত দুদিন আগে ভুক্তভোগী ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুরো ঘটনাটি তুলে ধরলে তা সবার নজরে আসে।

স্ট্যাটাসে ওই নারী লেখেন, ”সিএনজি অটোরিকশায় ৫ জন পুলিশ ছিল। আমার সঙ্গে আমার সাহেব ছিল। সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে আমার সাহেবকে নিয়ে গেলো তাদের গাড়িতে। বলতাছে আপনি একটু আমাদের সঙ্গে আসেন কথা আছে। ওরে নিয়ে গিয়ে আমাকে প্রশ্ন করা শুরু। আপনার কি হয় ওনি? বিয়ে হলো ক’দিন? ছেলে-মেয়ে ক’জন? কি করেন? এখানে কেন আসছেন? তখন আবার চলে গেলো আমার সাহেবের কাছে। ওরেও গিয়ে একই কথা জিজ্ঞেস করা হলো কিন্তু আমার আড়ালে।”

স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন- ”নাস্তা না করেই গাড়িতে উঠলাম। আমার সাহেব আমার সঙ্গে একটা কথাও বলে না। ১২টা বাজে তাও কথা বলে না। আমি বারবার ওরে স্বাভাবিক করার চেষ্টা করছি কাজ হয়নি। দুপুরে খাবার বিরতি দিলো। নামলাম খাওয়ার জন্য। ওরে বললাম দেখো আমার সঙ্গে কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে। আমার সঙ্গে এমনটা করো না। তখন দেখি ওর চোখ ভিজে গেছে। ও বলতাছে জানো আমাকে কি জিজ্ঞেস করেছে? আমাকে বলতাছে কত টাকায় ভাড়া করে নিয়ে আসছেন? আমার সাহেব তখন বললো দেখুন আমার বউটা খুবই ভালো পরিবারের মেয়ে আর আমিও ওরে খুবই যত্ন আর সম্মানে রাখি, আমাকে যা খুশি বলেন আমার বউটাকে নিয়ে কিছু বলবেন না।”

ওই নারী আরো লেখেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। আমার ছেলে ইন্টারে পড়ে। এখন আমাকে কাবিননামা নিয়ে ঘুরতে হবে। আমি আর কি লিখবো? তবে মরে গেলেও সিলেট কোনোদিনই আর যাবো না।

এ বিষয়ে মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বলেন, ‘এ নিয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানে পৌঁছেছে এবং ঘটনাটি শুনে আমাদের খুব খারাপ লেগেছে। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে এএসআই ওবাইদুর রহমানকে প্রাথমিকভাবে ক্লোজড করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট