বনানীর অগ্নিকাণ্ডে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৯

বনানীর অগ্নিকাণ্ডে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার পৃথক শোক বার্তায় তারা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোক বার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সেইসঙ্গে হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর শোনার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী আগুন নেভানো ও উদ্ধার তৎপরতায় সশস্ত্র বাহিনীসহ ফায়ার সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে ১৭ নম্বর রোডে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এফআর টাওয়ারে লাগা আগুনে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে এক শ্রীলঙ্কার নাগরিক রয়েছে। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অন্তত প্রায় ৭০ জন। লাশের সারি আরও দীর্ঘ হতে পারে।