১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯
১৮ মার্চ ২০১৯, সোমবার : সুনশান নিরবতায় স্তব্ধ জনমানবহীন ভোট কেন্দ্রে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের ১২ উপজেলায় আজ সোমবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও অধিকাংশ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন ভোট গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ১১ পর্যন্ত জেলা শহরের আশপাশে কোনো ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়নি। প্রত্যেকটি ভোটকেন্দ্রে প্রার্থীদের কর্মী ও সমর্থকদের দু’একজনকে ভোট দিতে দেখা গেছে। একই ভাবে কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ, গোলাপগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রেও ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন উপজেলা প্রতিনিধিরা।
এ নির্বাচনে উত্তাপ না থাকলেও বিশৃঙ্খলা ঠেকাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশের ২টি ও জেলা পুলিশের অধীনে ১০টি উপজেলায় র্যাব-বিজিবি ছাড়াও পুলিশ ও আনসারের প্রায় ১৪ সহস্র ফোর্স মোতায়েন করা হয়েছে।
সিলেটের ওসমানীনগর উপজেলা ছাড়া বাকি ১২ উপজেলায় আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলাগুলো হচ্ছে- সিলেট সদর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ।
১২ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৬ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে সাতটিতে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১৬ জন।
পাঁচটিতে রয়েছেন নৌকার একক প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির চারজন, বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী ছয়জন এবং ইসলামী ঐক্যজোটসহ (ওআইজে) ও অন্য স্বতন্ত্র ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলার ১২ উপজেলায় চার পৌরসভা ও ৯৭টি ইউনিয়ন মিলে মোট ভোটারের মধ্যে পুরুষ ১০ লাখ আট হাজার ৯০ জন এবং মহিলা আট লাখ ৮৫ হাজার ৭১০ জন।
এসব উপজেলায় ৮১৬টি কেন্দ্রের চার হাজার ৪১৪ টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ১৪ হাজার ৫৮ জন কর্মকর্তা। এরমধ্যে প্রিজাইডিং অফিসার ৮১৬, সহকারী প্রিজাইডিং অফিসার চার হাজার ৪১৪ এবং আট হাজার ৮২৮ জন পুলিং অফিসার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D