৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে গণভবনে প্রবেশ করেন ডাকসুর ভিপি নুরুল হক ও সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। এরপর ডাকসু ও হল সংসদের অন্য নেতারা গণভবনে প্রবেশ করেন।
এরপর হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর। প্রধানমন্ত্রী পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। এ সময় নুরও পরম শ্রদ্ধায় সেই হাত বুকের কাছে টেনে নেন এবং তার জন্য দোয়া করতে বলেন।
সরকারপ্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দোয়া পেয়ে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ভিপি নুরুল হক নুর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও খুশি ছিলেন। পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেন ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
পরে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে নিরপেক্ষভাবে কাজ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদে নির্বাচিতদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে তিনি বলেন, যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে এবং সুষ্ঠু নির্বাচনী ধারা ফিরিয়ে আনতেই ডাকসু নির্বাচন।
মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ দেশ গড়ে তুলতে ডাকসুর নির্বাচিতদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় ডাকসু নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার শিক্ষা নেওয়ার সময় এখন।
ডাকসুকে কার্যকর করতে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চান ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর।
এর আগে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে গণভবনে সাক্ষাৎ করেন ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। কেন্দ্রীয় সংসদের ২৫ নেতা এবং ১৮টি হল সংসদে নির্বাচিত ২৩৪ জন ছাত্র প্রতিনিধি প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় শুভেচ্ছা বিনিময় করেন। ক্যাম্পাস ও হলের বিভিন্ন সমস্যা সমাধানে ডাকসুর নেতারা এ সময় প্রধানমন্ত্রীর সহযোগিতা চান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D