সব পদে ৩১ মার্চের মধ্যে পুনঃভোট চান নুর

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯

সব পদে ৩১ মার্চের মধ্যে পুনঃভোট চান নুর

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি নুরুল হক নুর ভিপিসহ সব পদের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন দাবি করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে আবার নির্বাচন দিতে হবে। তার আগে এই নির্বাচনের সাথে যারা আছে তাদের পদত্যাগ করতে হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর জানিয়েছেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচিত তিনি এবং সমাজসেবা সম্পাদক আখতার হোসেন শপথ নেবেন।

ভিপি নুর বলেন, প্রতিটি পদেই কারচুপি হয়েছে। তবে আমার পাশ করা এই দুই পদে কম হয়েছে, এছাড়া অন্য পদের সবগুলোতেই পুরোপুরি ইঞ্জিনিয়ারিং কারচুপি হয়েছে। তাই আমি আবারও সব পদেই পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট ডাকা হয়েছিল। কিন্তু ভিসির বাড়ির সামনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভনের আশ্বাস এবং সৌজন্যমূলক আচরণে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এ সময় তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের সবাইকে পদত্যাগ করে পুনর্নির্বাচন দাবি জানান। এর আগে অবশ্য ভিপি ও সমাজসেবা পদ ছাড়া অন্য সব পদেই নির্বাচনের দাবি জানিয়েছিলেন নুর।

নুর বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে আবার নির্বাচন দিতে হবে। তার আগে এই নির্বাচনের সাথে যারা আছে তাদের পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, পুনর্নির্বাচন হলে সবগুলো পদেই হতে হবে। আমরা বিশ্বাস করি ফেয়ার নির্বাচন হলে আমরা পূর্ণ প্যানেলেই জিতব।

নির্বাচন প্রত্যাখ্যান করা অন্যান্য সংগঠন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেবে তাতে পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান ডাকসু ভিপি।

সোম আর মঙ্গলবার ছাত্রলীগের হামলা এবং পরে সভাপতি রেজওয়ানুল হক শোভন কর্তৃক সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর বিষয়ে নুর বলেন, ছাত্রলীগ প্রয়োজনে কাছে টানে প্রয়োজন পুরিয়ে গেলে ছুড়ে ফেলে।

এর আগে মঙ্গলবার সকালে নুর ঢাবি ক্যাম্পাসে গেলে টিএসসি এলাকায় তাকে ধাওয়া করে ছাত্রলীগ। নুরকে রক্ষ করতে গিয়ে হামলায় আহত হন ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক প্রার্থী তৌহিদুর রহমান। এরপর নুর ও তার সঙ্গীরা টিএসসির ভেতরে অবস্থান নিলে বিকালে সেখানে গিয়ে তার সাথে সাক্ষাৎ করে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও ভিপি পদে পরাজিত প্রার্থী রেজওয়ানুল হক শোভন।

টিএসসিতে পৌঁছেই নুরুকে জড়িয়ে ধরেন শোভন। এ সময় নুরু বলেন, তিনি স্বাগত জানাতে এসেছেন। অভিনন্দন জানিয়েছেন। আমিও তাকে স্বাগত জানিয়েছি। ছাত্রলীগ সভাপতি বলেছেন তারা আমাদের সাথে একসাথে কাজ করতে চান। আমরাও একসাথে কাজ করতে আগ্রহী।

নুরু আরও বলেন, আমরা চেয়েছিলাম একটা দৃষ্টান্তমূলক নির্বাচন হোক। কিন্তু বিভিন্ন অনিয়ম কারচুপির কারণে আমাদের সেই আশা পূরণ হয়নি।

এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার ঘোষিত ক্লাস বর্জন কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত ভিপি নুর।

তিনি বলেন, হামলার বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাংগঠনিক এবং বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেয় সেটা আমরা দেখব।

এছাড়া মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যলয়ের টিএসসির মিলনায়তনে গিয়ে নুরকে অভিনন্দন জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এ সময় একজন আরেকজনকে জড়িয়ে ধরে তারা কোলাকুলি করেন।

এ সময় শোভন বলেন, নুর আমার ছোট ভাই। সে আমার ছোট ভাই, বন্ধু। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে এই ফল মেনে নিতে হবে। আমি এই নির্বাচনের ফল সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাই। আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর ১১ হাজার ৬২ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পান ৯ হাজার ১২৯ ভোট।

এছাড়া নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।