৩০ ডিসেম্বরের নির্বাচনের মতো রাতেই ব্যালটে সিল মেরে রাখা হয়েছে : নুরু

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৯

৩০ ডিসেম্বরের নির্বাচনের মতো রাতেই ব্যালটে সিল মেরে রাখা হয়েছে : নুরু

জাতীয় নির্বাচনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও (ডাকসু) আগের রাতেই ব্যালটে সিল মেরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর সহসভাপতি (ভিপি) প্রার্থী নুরুল হক নুরু।

সোমবার সকালে কুয়েত মৈত্রী হলে গিয়ে সিল মারা ব্যালট দেখিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় নুরু অভিযোগ করেন, ডাকসুর নির্বাচনেও ৩০ ডিসেম্বরের ভোটের ছায়া পড়েছে।

হাতে থাকা কয়েকটি জালভোটের ব্যালট পেপার দেখিয়ে তিনি বলেন, এই যে দেখুন কুয়েত মৈত্রী হলে জাতীয় নির্বাচনের মতো আগের রাতে ব্যালটে সিল মেরে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যায়ের বর্তমান প্রশাসনকে দলকানা বলে মন্তব্য করে কোটা সংস্কার আন্দোলনের এ নেতা বলেন, এই প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি অভিযোগ করেন, ছেলেদের হলগুলোতে এমন বিশৃঙ্খলা অবস্থায় রাখা হয়েছে যে, কে ভোট দিয়েছে বা কে দেয়নি তা শনাক্ত করা সম্ভব হচ্ছে না।