৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯
ওসি ও মন্ত্রীর পিএসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের আগেই ব্যাপক অরাজকতার সৃষ্টি হয়েছে। ভোটের আগেই প্রভাব খাটানোর অভিযোগে লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
একই সঙ্গে পাটগ্রামের ওসিকে প্রত্যাহার ও সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।
ইসির এই সিদ্ধান্তের বিষয়ে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক জানান, কমিশন শুক্রবার লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোণার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে।
এর মানে রবিবার প্রথম ধাপের নির্বাচনে ৮০টি উপজেলায় ভোট হবে।
তিনি জানান, ভোটে স্থানীয় সাংসদের প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে এরইমধ্যে। স্থানীয় ৯ সাংসদকে এলাকা ছাড়ারও নির্দেশনা দিয়েছিল ইসি।
আচরণবিধি লঙ্ঘন ও প্রভাব খাটানোর অভিযোগের পর অন্য কোন পথ না থাকায় ইসি এই তিন উপজেলার ভোট স্থগিত করেছে বলেও জানান আশাদুল হক।
এই বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান বলেন, ‘প্রভাবমুক্ত নির্বাচন করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ব্যর্থ হওয়ায় লালমনিরহাটের ওসিকে প্রত্যাহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে ওই ওসির বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে প্রভাব খাটানোর অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রীর এপিএসের বিরুদ্ধে মামলার করার সিদ্ধান্ত দিয়েছে ইসি।’
এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে আমাদের নির্দেশনা স্পষ্ট। আমরা আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।’ তিনি আরো বলেন, ‘নির্বাচনকে ঘিরে কোথাও কোনো অরাজকতা বরদাশত করব না।’
শুক্রবার কুমিল্লা পুলিশ লাইনসে নবনির্মিত শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, ‘আমাদের সকল পুলিশ সুপারকে আমরা এ বার্তা পৌঁছে দিয়েছি। আমরা সুষ্ঠু নির্বাচন যাতে সম্পন্ন হয় সেজন্য যথাযথ নির্দেশনা সব অফিসারকে দেওয়া হয়েছে।’
আইজিপি আরো বলেন, ‘আমাদের নির্দেশনা স্পষ্ট। আমরা আমাদের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। সব পুলিশ সুপার মহোদয়কে করণীয় সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা আমাদের পুলিশ অফিসারদেরও পালন করতে হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D