দুর্নীতির সূচকে বাংলাদেশ বিশ্বে ১৩তম

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

দুর্নীতির সূচকে বাংলাদেশ বিশ্বে ১৩তম

২০১৮ সালে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থানের অবনতি ঘটেছে। দুর্নীতিতে ৪ ধাপ নিচে নেমে এসেছে বাংলাদেশের অবস্থান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রকাশ করা সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম অবস্থানে উঠেছে বাংলাদেশ। যার স্কোর ২৬।

২০১৮ সালে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৭তম। স্কোর ছিল ২৮। তার আগের বছর অবস্থান ছিল ১৫তম।

জার্মানির বার্লিনভিত্তিক প্রতিষ্ঠান টিআইয়ের প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচক ২০১৮-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

১৮০টি দেশের ওপর টিআই এই জরিপ চালিয়েছে। জরিপে ০ থেকে ১০০ নম্বরের স্কেলে দেশগুলোকে নম্বর দেয়া হয়েছে। সবচেয়ে কম নম্বর (১০ স্কোর) পেয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে সোমালিয়া। তারপরেই রয়েছে (১৩ স্কোর) সিরিয়া ও দক্ষিণ সুদান। তৃতীয় অবস্থানে (১৪ স্কোর) রয়েছে ইয়েমেন ও উত্তর কোরিয়া। এই দেশগুলোর বেশির ভাগই চরমপন্থা ও যুদ্ধবিধ্বস্ত।

আর সবচেয়ে বেশি (৮৮ স্কোর) পেয়ে সবেচয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ বিবেচিত হয়েছে ডেনমার্ক। কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে এর পরেই রয়েছে (৮৭ স্কোর) নিউজিলন্যান্ড। তৃতীয় অবস্থানে (৮৫ স্কোর) রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন ও সুজারল্যান্ড।

বাংলাদেশের সঙ্গে একইরকম ভাবে ২৬ স্কোর পেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ১৩ নম্বর অবস্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উগান্ডা।