আরেক মামলায় কায়সার হামিদ গ্রেফতার

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

আরেক মামলায় কায়সার হামিদ গ্রেফতার

প্রতারণার আরেক মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার আসামিকে আদালতে হাজির করে রাজধানীর বনানী থানায় করা প্রতারণা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে ২০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে কায়সার হামিদকে গ্রেফতার করে সিআইডি।

২০১৪ সালে রাজধানীর বনানী থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কায়সার হামিদ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ছিলেন।

আসামি কায়সার হামিদ ‘নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’-এর সেক্রেটারি। অপর আসামিদের সহযোগিতায় তিনি নিরীহ জনসাধারণকে অধিক মুনাফা দেয়ার আশ্বাসে সুকৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান। ২২ লাখ টাকা আত্মসাতের পৃথক দুই মামলায় রোববার জামিন পান তিনি। তবে একই থানায় করা প্রতারণার অপর এক মামলায় গ্রেফতার দেখানোয় তার মুক্তির পথ আটকে গেল।