১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০১৮
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বিভিন্ন স্থানে হামলা, মারধর ও আটকের খবর পাওয়া গেছে। এ আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছাত্রলীগ কর্তৃক মারধর করে থানায় আট ঘন্টা আটকে রাখার পর শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ছেড়ে দিয়েছে শাহবাগ থানা। : জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে ছয় আন্দোলনকারী শিক্ষার্থীকে বেদম মারধর করে রাত আড়াইটার দিকে থানায় সোপর্দ করা ঢাবির ফজলুল হক মুসলিম হলের ৬ শিক্ষার্থী এবং সোমবার শাহবাগে বিক্ষোভের সময় পুলিশের হাতে আটক আরও ২ শিক্ষার্থীর মুক্তির দাবিতে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বের হয়ে ঢাবি প্রক্টর অফিস ঘেরাও করেন শিক্ষার্থীরা। এরপরই তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। : এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ তুলে সোমবার দিবাগত রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে ৬ শিক্ষার্থীকে রাতভর মারধর করা হয়। পরে ভোরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে ৩ শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিক্ষার্থীদের থানায় সোপর্দের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর পৌনে দুইটায় প্রক্টর অফিস ঘেরাও করে সেখানে প্রক্টর তাদেরকে আটক তিনজনের মুক্তির ব্যাপারটি দেখছেন বলে আশ্বাস দিলে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে জড়ো হয়। সেখানে তাদের অবস্থানের কিছুক্ষণ পরেই আটক তিন শিক্ষার্থীকে মুক্তি দেয় শাহবাগ থানা কর্তৃপক্ষ। এরপর তারা মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের মালা পরিয়ে ক্যাম্পাসে নিয়ে আসে। : সূত্রে জানা যায়, ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে অংশ গ্রহণ করা ও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে গণিত বিভাগের তারিকুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের মশিউর রহমান সাদিক, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সাদ্দাম হোসেন, তড়িৎ প্রকৌশল বিভাগের ওমর ফারুক, বায়োক্যামিস্ট্রি মোলিকুলার বায়োলজি বিভাগের জাহিদ ও ফিজিক্সের জোবাইদুল হক রনিকে মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। যাদের মধ্যে ফেসবুকে আন্দোলন নিয়ে স্ট্যাটাস দেয়ায় রনি, তারিকুল ও সাদ্দামকে পুলিশে দেয়া হয়েছে। মারধরকারীরা হল শাখার সাংগঠনিক সম্পাদক রাকিব, বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী সুফি, শামীম ও নাঈম। তারা সবাই হল শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি শাহরিয়ার সিদ্দিক সিসিমের অনুসারী। : বিষয়টি নিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হাসান বলেন, ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়েছিলো। তবে তদন্ত তাদের নির্দোষ প্রমাণিত হওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে হল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য হস্তান্তর করা হয়েছিলো। পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়েছে। জানতে চাইলে হল শাখার ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সিদ্দিক সিসিম প্রথমে বলেন, আমাদের কাছে প্রমাণ ছিলো তাদের বিরুদ্ধে তাই থানায় সোপর্দ করেছি। তারা ফেসবুকে গুজব ছড়াচ্ছিলো। পরবর্তীতে আটককৃতদের ছেড়ে দেয়ার বিষয়টি জেনে তিনি বলেন, আমার কাছে সরাসরি প্রমাণ ছিলো না। আরেকজনের কাছে ছিলো। সেটা জেনেই আমি বলেছিলাম। : চুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ, রাবিতে বিক্ষোভ : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রকে গতকাল বিকাল ৫টা ও ছাত্রীদের আজ বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে সব ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, সেন্টারসমূহের চেয়ারম্যান, প্রভোস্ট ও রেজিস্ট্রারের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৭ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গত তিন দিন ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে আসছেন চুয়েটের শিক্ষার্থীরা। গতকাল শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। স্থানীয়রা জানিয়েছেন, ক্যাম্পাসে মিছিল চলার সময় প্রধান ফটকের বাইরে কিছু যুবককে লাঠি হাতে অবস্থান নিতে দেখা যায়। সেখানে পুলিশও মোতায়েন ছিল। রবিবার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। : রাবিতে বিক্ষোভ : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। নিপীড়ন বিরোধী শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পৃথক এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ থেকে শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করা হয়। এদিকে নিরাপদ সড়কের দাবি পূরণের আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। মিছিল থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন সেøাগান দেয়া হয়। : তিন বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তিনটি বিশ্ববিদ্যালয় হলো ইস্ট ওয়েস্ট, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। দিনভর সংঘর্ষের পর সোমবার সন্ধ্যায় আফতাবনগর এলাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাসফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গল ও বুধবার (৭ ও ৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ৯ থেকে ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। এর আগে জঙ্গি সংশ্লিষ্টতার একাধিক ঘটনায় এই তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফয়জুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় বর্ধিত ছুটি হিসেবে এই ছুটি ঘোষণা করা হলো। :

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D