২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৮
নীলফামারী: দেশকে রক্ষা করতে হলে জাতীয় পার্টির (জাপা) সরকার গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, খুন, গুম, ধর্ষণ আর দুর্নীতিতে আচ্ছন্ন বাংলাদেশকে একমাত্র জাপাই রক্ষা করতে পারবে।
সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা জাপা আয়োজিত জনসভায় এসব কথা বলেন এরশাদ। সমাবেশে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের চিকিৎসক বাদশা আলমগীরের নেতৃত্বে শতাধিক ব্যক্তি এরশাদকে ফুলের তোড়া উপহার দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
উপরের নির্দেশে খুন ও গুম করা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘নাম্বার ওয়ান থেকে নির্দেশ আসে খুন করার। আর মানুষ গুম করে খুন করা হচ্ছে। উদ্দেশ্যে আওয়ামী লীগ ছাড়া কেউ থাকবে না। তবে আমরা আছি, আমরা থাকব।’
তিস্তা নদী পানি শূন্য প্রসঙ্গে এরশাদ বলেন, আমি ক্ষমতায় যখন ছিলাম তখন তিস্তা ব্যারাজ সেচ প্রকল্প নির্মাণ করেছি। বিএনপি ও আওয়ামী লীগ ক্ষমতায় এসে তিস্তার পানি ভারতের কাছ হতে নিয়ে আসতে পারেনি। আগামীতে জাতীয় পাটি ক্ষমতায় এলে তিস্তা পানিসহ রংপুর অঞ্চলে পাইপলাইনে গ্যাস নিয়ে আসবে।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘কিছু দিন আগে শুনলাম ব্যাংকগুলোতে অনেক টাকা, নেওয়ার মত লোক নেই। আর এখন শুনছি ব্যাংকগুলো ফাঁকা। টাকাগুলো গেলো কই। টাকা নিয়ে গেছে আওয়ামী লীগের নেতারা। তারা বিদেশে পাচার করেছেন।’
যুবকদের চাকরি নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, চাকরি আছে আওয়ামী লীগের জন্য, অন্যদের জন্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ১০ টাকা কেজিতে চাল খাওয়াবেন, কিন্তু এখন ৫০ টাকায় চাল কিনতে হচ্ছে।
আওয়ামী লীগ ও বিএনপিকে জনবিছিন্ন উল্লেখ্য করে এরশাদ বলেন, জাতীয় পার্টি এখন জনগণের একমাত্র আস্থার দল। জাতীয় পার্টিকে দেশের সব রাজনৈতিক দল সমীহ করে। বিগত দিনে আমাদের ছাড়া কেউই এককভাবে ক্ষমতায় যেতে পারেনি, আগামীতেও পারবে না। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণ ভোট দিয়ে জাতীয় পার্টিকেই দেশ পরিচালনার দায়িত্বভার অর্পণ করবে বলে আমার বিশ্বাস।
আওয়ামী লীগের জনসমর্থন নেই দাবি করে এরশাদ বলেন, রংপুর বিভাগের ২২টি আসন আপনার উপহার দেন, আমি আপনাদের সরকার উপহার দেব, সংসদ উপহার দেব।
জাতীয় পার্টি জনপ্রিয় দল দাবি করে তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে সিল মারতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মানুষ ভোট দিলে লাঙ্গল মার্কাই জনগণের সরকার বসাবে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আবদুল কাদের চৌধুরী বুলুর সভাপতিত্বে জনসভায় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি শওকত চৌধুরী, সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D