২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীরা সাম্প্রদায়িক কিলিং গ্রুপের সদস্য এবং বিএনপি তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ জনসভা সফল করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিলনায়তনে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কাউন্সিলর হুমায়ুন কবির ও মহিলা কাউন্সিলর ফারহানা ইসলাম প্রমুখ।
বিএনপির পৃষ্ঠপোষকতায় ২০১৪ সালে নির্বাচনকে সামনে রেখে দেশে একটি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কে বা কারা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা করেছে বা করিয়েছে তা ইতিমধ্যে পরিষ্কার। এ হামলা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অশুভ ইঙ্গিত।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মায়ের চেয়ে ফখরুল সাহেবের কাছে মাসির দরদ বেশি। তার বক্তব্য শুনে এটাই বুঝা যাচ্ছে। আমি উনার প্রতি আহ্বান রেখে বলবো- এইসব অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করুন।’
২০১৪ সালে বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘২০১৪ সালে যে ভুল করেছে বিএনপি তার মাশুলে এখনও দিচ্ছে। বিএনপি এই সাম্প্রদায়িক অপশক্তিকে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখলে আগামী নির্বাচনেও জনগণ ভোটে-ব্যালটে সমুচিত জবাব দেবে।’
৭ মার্চ জনসভা সফলের লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘মার্কেট বন্ধ করে, রাস্তা বন্ধ করে সমাবেশে যেতে হবে এটা আমরা বলিনি। জনসভার দিন রাস্তার একপাশ খোলা থাকবে। যেন জনগণের দুর্ভোগ না হয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা নিয়ে মিডিয়ার একটি অংশ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য মিডিয়ার প্রতি আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, মিডিয়ার একটি অংশ প্রধানমন্ত্রীর জনসভায় লোকারণ্য নিয়ে বস্তুনিষ্ঠ খবর প্রচার করছে না। অনেক সময় জনসভায় আগত লোকসংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা মিডিয়ার নীতির মধ্যে পড়ে না।
মিডিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশে মিডিয়ার একটি অংশ একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। সব মিডিয়া বলছে চারটি বিভাগীয় শহরের জনসভা হয়েছে রেকর্ডসংখ্যক, যা আগে হয়নি। কিন্তু কোনও কোনও সংবাদমাধ্যম সত্যকে বিকৃত করে প্রকাশ করছে। যেন বিশাল জনসভা বলতে তাদের লজ্জা লাগে। আমি মিডিয়ার সাথে বৈঠককালে বলেছি আমাদের যা প্রাপ্য তা দিতে হবে। সেই বৈঠকে তথ্যমন্ত্রীও ছিলেন।’
মিডিয়ার সাথে সরকার লড়াই করতে চায় না মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা মিডিয়ার সাথে ঝগড়া করতে চাই না। মিডিয়া অবশ্যই গঠনমূলক সমালোচনা করবে। কিন্তু কিছু মিডিয়া সরাসরি একটা দলের পক্ষ হয়ে আদাজল খেয়ে লেগেছে। মিডিয়া আমাদের প্রতিপক্ষ নয়। সমালোচনা আমরা শুনবো, যদি সেটা গঠনমূলক হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D