২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা চলাকালে রাজধানীর লা মেরিডিয়েন হোটেলের আশপাশ থেকে অন্তত ২০ কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভাস্থলের কাছ থেকে তাদের আটক করে পুলিশ।
বেলা সাড়ে ১১টার দিকে হোটেলের সামনে থেকে পাঁচজনকে তুলে নিয়ে যান বলে প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানিয়েছেন।
বিএনপিকর্মীদের আটকের ব্যাপারে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি এ ব্যাপারে কিছু জানেন না। গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
তবে ঘটনাস্থলে থাকা একাধিক ডিবি কর্মকর্তার সঙ্গে কতা বলার চেষ্টা করা হলেও তারা কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
আটকের ঘটনার পর পরই সেখানে কর্মীদের উপস্থিতি কমে যায়। চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ আনে আইনশৃঙ্খলা বাহিনী। হোটেলের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।
এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও রাজশাহী জেলা বিএনপির সম্পাদক মতিউর রহমান মন্টুসহ ৬জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে নাজিম উদ্দিন আলমের বাস ভবন থেকে আমানসহ তাকে আটক করা হয় বলে জানা গেছে।
এছাড়াও নয়া পল্টন থেকে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র ৩১ নম্বর রোডে নাজিম উদ্দিন আলমের বাসভবন ঘিরে রাখে পুলিশ। নাজিম উদ্দিনের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন আমান উল্লাহ আমান।
আমানের বিরুদ্ধে ২৩৭ টি ও নাজিম উদ্দিনের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে। এসব মামলায় জামিনে রয়েছেন তারা। এর আগে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে তাকে আটক করা হয় বলে দলটির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আরটিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
এছাড়া শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি শাহিনুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন, হরিরামপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুব হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রফি অপু।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ৩২ জনকে আটক করা হয়। তারা হলেন-বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাক্তন সভাপতি হাসান মামুন, প্রাক্তন বন ও পরিবেশমন্ত্রী তরিকুল ইসলামের ছেলে শান্তুনু ইসলাম সুমিত, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের পিএস ফারুকুল ইসলাম সেলিম, তেজগাঁও কলেজ ছাত্রদল নেতা হাফিজ আল মাহমুদ প্রমুখ
মঙ্গলবার হাইকোর্ট সংলগ্ন মাজার গেটের সামনে পুলিশের প্রিজনভ্যান ভেঙে তিন নেতাকে ছিনিয়ে নেয় বিএনপি কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক নাসির (৪০), সোহাগ মজুমদার (৩৮) ও মিলন (৩৮) নামের তিনজনকে আটক করে প্রিজন ভ্যানে রাখে পুলিশ।
হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরত যাওয়ার পথে একদল বিএনপিকর্মী ওই প্রিজন ভ্যানে ভাঙচুর চালিয়ে আটক নেতাদের ছিনিয়ে নেয়।
ওই ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামকেও তার শান্তিনগরের বাসা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D