২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮
বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে নাজিম উদ্দিন আলমের বাস ভবন থেকে এ দুই নেতাকে আটক করা হয় বলে জানা গেছে।
এছাড়াও নয়া পল্টন থেকে রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা থেকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র ৩১ নম্বর রোডে নাজিম উদ্দিন আলমের বাসভবন ঘিরে রাখে পুলিশ। নাজিম উদ্দিনের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন আমান উল্লাহ আমান।
এর আগে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে তাকে আটক করা হয় বলে দলটির মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার আরটিএনএনকে এ তথ্য জানিয়েছেন।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও এ তথ্য নিশ্চিত করেছেন।
সাংবাদিকদের রিজভী বলেন, ‘বিকাল সাড়ে ৪টায় আমি খবর পেলাম, আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনকে টঙ্গি থেকে ঢাকায় ফেরার পথে উত্তরার কাছ থেকে সাদা পোশাকে পুলিশ তুলে নিয়ে গেছে।’
শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের আগে কেন্দ্রীয় কমিটির এই সদস্যকে এই আটক সরকারের ‘ফ্যাসিবাদী চরিত্র উন্মোচন করেছে বলে দাবি করেন রিজভী।
এদিকে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে জনসাধারণের জানমাল রক্ষায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ। যেকোন ধরনের নাশকতা বা সহিংসতার চেষ্টা করা হলে তা রুখে দেয়া হবে।
নতুন আইজিপি বলেন, পুলিশের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেয়া। পুলিশ দৃঢ়তার সঙ্গে এ কাজ করে যাচ্ছে। আগামী দিনেও জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রতিটি পুলিশ সদস্যই কঠোর অবস্থানে থাকবে।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচন পরিচালনা নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ দায়িত্ব পালন করবে পুলিশ। নির্বাচনের সময় অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সদস্যদের অপরাধে জড়িয়ে পড়া প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের কিছু সদস্যের অপকর্মের জন্য গোটা বাহিনী বিব্রত হয়। এর দায় কখনোই বাহিনী নেবে না। যারা এ ধরনের কাজ করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন ও পুলিশি আইন কানুনে ব্যবস্থা নেয়া হয়।
প্রসঙ্গত, অতিরিক্ত আইজিপি (এসবি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে নতুন আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চাঁদপুর জেলার সদর থানাধীন মান্দারী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
নিজ জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিষয়ে স্নাতক সম্মান ও প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
এরপর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে পিএইচডি করেন। তার গবেষণার বিষয় ছিল Combating Terrorism in Bangladesh; Challenge and Prospects.
১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। ওই বছরের বিসিএসের সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ।
আইজিপি হিসেবে এ কে এম শহীদুল হকের স্থলাভিষিক্ত হতে যাওয়া ড. জাবেদ স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আইজিপি হিসেবে আগে থেকেই আলোচনায় ছিল তার নাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D