২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৮
বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতি আবদুল হামিদকে আরেক মেয়াদে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়নের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সিদ্ধান্ত সংক্রান্ত চিঠি তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, প্রধানমন্ত্রী ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুধবার (৩১ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ১৮ ফেব্রুয়ারি এই নির্বাচন হবে।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সভায় সর্বসম্মতভাবে মো. আবদুল হামিদকেই আগামী রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, ৮ বারের নির্বাচিত সংসদ সদস্য বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নাম প্রস্তাব করলে দলের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ তা সমর্থন করেন। জাতির বৃহত্তর স্বার্থে এ বিষয়ে সকলে একমত হন।’
গত ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) ১৮ ফেব্রুয়ারি ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ৭ ফেব্রুয়ারি যাচাই বাছাইয়ের পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
নির্বাচনী তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা বলেন, ‘সম্প্রতি দু’জন সংসদ সদস্য মারা যাওয়ায় ৩৫০ আসনের সংসদের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ৩৪৮ জন। বিদ্যমান সদস্য সংখ্যা দিয়েই জাতীয় সংসদ রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারবে।’
বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হবে। সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে ৩০ দিনের মধ্যে অবশ্যই রাষ্ট্রের সর্বোচ্চ এই পদে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
এদিকে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার, স্মারক ও সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী।
এদিকে তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ৫ ফেব্রুয়ারি। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি। নির্বাচন হবে আগামী ১৯ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, ২০১৩ সালে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর ২৪ মার্চ থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান ছিলেন আবদুল হামিদ। পরে ২২ এপ্রিল তিনি বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর তিনি দায়িত্ব গ্রহণ করেন ২৪ এপ্রিল। আগামী ২৩ এপ্রিল তার ৫ বছর মেয়াদ পূর্ণ হবে। আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার আগে ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং স্পিকার হিসেবে দু’বার দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আবদুল হামিদসহ ২০ মেয়াদে ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D