১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৭
: অনেক নাটকীয়তার ম্যাচে কুমিল্লা ভিক্টোরয়ান্সকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে গেল রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করা রংপুর নির্ধারিত ২০ ওভারে জনসন চার্লসের ঝড়ো সেঞ্চুরিতে তিন উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। জবাবে ২০ ওভার খেলে অলআউট হয়ে ১৫৬ রানের বেশি করতে পারেনি কুমিল্লা।
মঙ্গলবার সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে লড়বে মাশরাফির রংপুর। আর এ ম্যাচে হারের মধ্যদিয়ে বিদায় নিল লিগে সবার ওপরে থেকে প্লে-অফ নিশ্চিত করা তামিম ইকবালের কুমিল্লা।
রংপুরের দেওয়া ১৯৩ রানের টার্গেটে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরয়ান্স ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে করে ১৫৬ রান। তামিম ইকবাল ও লিটন দাস কিছুটা আশা জাগালেও তা বেশিক্ষণ টেকেনি। তামিম ১৯ বলে ৩৬ ও লিটন ২৮ বলে ৩৯ করে আউট হন। শেষের দিকে মারলন স্যামুয়েলস (২৭) ও জস বাটলার (২৬) চেষ্টা করলেও কুমিল্লাকে জয়ের বন্দরে নিতে পারেননি। বাকিরা তেমন কিছু করতে পারেনি।
এর আগে রংপুর নির্ধারিত ২০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করেছে। ঝড়ো ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন ওপেনার জনসন চার্লস। ব্যাটে ব্র্যান্ডন ম্যাককালামও ঝড় তোলেন।
দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক খেলেন চার্লস ও ম্যাককালাম জুটি। তারা দু’জনে মিলে ১৫১ রানের জুটি গড়েন। তবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম ৪৬ বলে একটি চার ও নয়টি ছক্কায় ৭৮ করে বিদায় নেন। কিন্তু তিন অঙ্কের ঘরে ঠিকই পৌঁছে যান ওয়েস্ট ইন্ডিজের তারকা চার্লস। ৬৩ বলে নয়টি চার ও সাতটি ছক্কায় তিনি ১০৫ রান করে অপরাজিত থাকেন। ক্রিস গেইলের পর চলমান আসরে এটি দ্বিতীয় সেঞ্চুরি। তবে মজার কথা দুটি সেঞ্চুরিই এসেছে রংপুরের হয়ে।
রংপুরের ব্যাটিংয়ের সামনে এদিন অসহায় ছিলেন কুমিল্লার বোলাররা। মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, আল-আমিন হোসেন ও গ্রায়েম ক্রেমারদের ইকোনোমি ছিল দশের ওপর। অবশ্য ব্যতিক্রম ছিলেন পাকিস্তানের হাসান আলী। এমন দিনেও চার ওভারে মাত্র ২৩ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি। বাকি একটি করে উইকেট পান মেহেদি ও সাইফুদ্দিন।
উল্লেখ্য, রবিবার ম্যাচটি শুরু হয় সন্ধ্যা ছয়টায়। টস হেরে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। খেলা সাত ওভার হওয়ার পর বৃষ্টি নামে। ফলে, খেলা বন্ধ হয়ে যায়। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত রংপুর রাইডার্সের সংগ্রহ ছিল সাত ওভারে এক উইকেট হারিয়ে ৫৫ রান।
আগে বলা হয়েছিল যে খেলা পাঁচ ওভার মাঠে গড়ানোর সর্বশেষ সময় পৌঁনে দশটা। কিন্তু দশটা বেজে গেলেও মাঠে গড়ায়নি খেলা। বিপিএল গভর্নিং কাউন্সিল, ফ্র্যাঞ্চাইজি ও দুই দলের অধিনায়কদের মধ্যে দীর্ঘক্ষণ চলে আলোচনা।
এই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালে উঠে যেত। তাই তারা ম্যাচটি খেলতে রাজি ছিল না। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল ও মাশরাফি বিন মুর্তজাদের অনুরোধে তারা খেলতে রাজি হয়।
নিয়ম অনুযায়ী এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে ছিল না। আবহাওয়ার অবস্থা খারাপ দেখে গতকালই বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে রিজার্ভ ডের জন্য আবেদন জানায় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল এই আবেদন নাকচ করে দেয়। তবে, শেষমেশ রিজার্ভ ডে’তেই গড়াল ম্যাচটি।
লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর চতুর্থ অবস্থানে ছিল রংপুর রাইডার্স। শনিবার এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটান্সকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে জায়গা করে নেয় রংপুর রাইডার্স।
অন্যদিকে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে ঢাকা ডায়নামাইটস জয় পাওয়ায় ফাইনালে উঠে গেছে। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স হেরে যাওয়ায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে অংশ নিয়েছে। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। ওই ম্যাচের জন্য আগে থেকেই রিজার্ভ ডে রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D