|
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই বিড়ি ও চারটি মোটরসাইকেলসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জামালপুর ও পুরানগাঁও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৮টার দিকে বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জামালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের সিটের ওপর কাপড়ের বস্তা রেখে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে তাদের হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ১ হাজার ৬৮০ প্যাকেটে মোট ৪২ হাজার ভারতীয় বিড়ি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিশ্বম্ভরপুর উপজেলার মাজাইর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. তাজুল ইসলাম (৩৫) এবং ইসলামপুর গ্রামের মৃত তুফান আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬০)।
একই দিন সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের পুরানগাঁও এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের সিটে কাপড়ের বস্তা রেখে পালানোর চেষ্টা করলে আরও তিনজনকে আটক করা হয়।
পরে তাদের হেফাজতে থাকা দুটি কাপড়ের বস্তা থেকে ৩ হাজার ৩৫৮ প্যাকেটে মোট ৮৩ হাজার ৯৫০টি ভারতীয় বিড়ি এবং তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানে আটক ব্যক্তিরা হলেন—বসন্তপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. রফিকুল (৩৮), মধ্য কাপনা গ্রামের মৃত কাদিরের ছেলে আমির হোসেন (২৭) এবং একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে সারোয়ার আহমেদ (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা পরস্পর যোগসাজশে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে ভারতীয় বিড়ি সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৯ -এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং উদ্ধার করা আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি চোরাচালান ও অপরাধ দমনে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D