|
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬
সিলেট নগরীর উঁচাসড়ক এলাকার আল্লাহু পয়েন্ট থেকে প্রায় ৮০০ বোতল ফেনসিডিলসহ একটি সাদা প্রাইভেটকার ও এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে ডিবি পুলিশের এসআই পলাশ কানুর নেতৃত্বে কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, অভিযানে প্রায় ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, ফেনসিডিলের চালানটি ভারত থেকে চোরাই পথে তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে সিলেটের টিলাগড় হয়ে একটি প্রাইভেটকারে করে চালানটি ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল।
তবে এ ঘটনায় নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে আটক ব্যক্তির পরিচয় নিয়ে। নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, আটক ব্যক্তি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন এএসআই পদমর্যাদার সদস্য। যদিও তাঁর পরিচয় ও পদবি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রটি আরও জানায়, আটক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে তাঁকে এখনো কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ওই সূত্র জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী ডিবি পুলিশের এসআই পলাশ কানুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে আটক ব্যক্তির পরিচয়, পদবি এবং অভিযানসংক্রান্ত বিষয়ে তাঁর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রায় ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধারের এ ঘটনায় মাদক চোরাচালানের সম্ভাব্য রুট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি উঠেছে।
বিশেষ করে তামাবিল সীমান্ত দিয়ে মাদক প্রবেশ, সিলেট হয়ে ঢাকায় পরিবহনের পরিকল্পনা এবং এর পেছনে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এখন সবার নজর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এবং এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপের দিকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D