নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সময় ব্যাংকের ভেতরে একজন নিরাপত্তাকর্মী ঘুমিয়ে ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ২টার দিকে এক ব্যক্তি ব্যাংকের সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ব্যাংকের সামনের ডিজিটাল সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে গেলে ওই ব্যক্তি আবারও সীমানাপ্রাচীর টপকে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতরে থাকা নিরাপত্তাকর্মী মো. হাফিজুর রহমানকে ঘুম থেকে জাগিয়ে বাইরে নিয়ে আসে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট