নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৬

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, দুই বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় কৃষকদল নেতা ও জাসাস নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।

নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত সোহেল ও শাহীন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান দলীয় নেতাকর্মীরা। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার শিকার হয়।

​বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাদের শোভাযাত্রায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা নেতাকর্মীদের মারধরের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​এদিকে বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হলেও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কারও সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

​কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট