বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিয়ানীবাজার থানা পুলিশের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বিয়ানীবাজার পৌর ছাত্রলীগের নেতা ও ফতেহপুর গ্রামের বাসিন্দা তারেক আহমদ মুসা (২৫), মাথিউরা গ্রামের উপজেলা ছাত্রলীগ নেতা এহসান হোসাইন খান (২৪), কাকরদিয়া গ্রামের হাবিবুর রহমান খান রাহিম (২৩) এবং দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার পরিকল্পনা করছেন—এমন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, গ্রেফতার চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট