|
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
কিশোরগঞ্জের ভৈরবে সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টায় পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ভৈরব শহরের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টায় চলন্ত বাসের সামনের গ্লাসে পেট্টোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা।
এতে বাসের সামনের কাচে আগুন ধরে গেলেও চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
বাসের চালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছুড়ে মারে। মুহূর্তেই বাসের সামনের গ্লাসে আগুন ধরে যায়। তবে চালক দ্রুত গতি নিয়ন্ত্রণ করে গাড়ি থামিয়ে দেন এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলেন। বাসে যাত্রী সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে যাত্রী ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, একটি ‘আর-ওয়ান-ফাইভ’ (R15) ও একটি ‘ডিসকভার’ মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়। হামলার কিছুক্ষণ আগেও তারা ওই সড়কে মহড়া দিয়েছিল। পরে ফিরে এসে বিকট শব্দে একটি ককটেল ও একটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
ঘটনাস্থল পরিদর্শন করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুুবুর রহমান। তবে তিনি এই ঘটনাটি সম্পর্কে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D