গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৬

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও একটি ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের রাত্রীকালীন স্পেশাল ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. মহিউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন স্পেশাল ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অজ্ঞাতনামা চার ব্যক্তি একটি নৌকাযোগে ভারতীয় জিরা নিয়ে বাংলা বাজার থেকে সিলেটের দিকে রওনা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সরকারি স্পিডবোট নিয়ে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন নৌকাটিকে ধাওয়া করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চার ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

পরে নৌকাটি তল্লাশি করে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে জিরা থাকায় মোট জিরার পরিমাণ দাঁড়ায় ৯৩০ কেজি। উদ্ধার করা প্রতিটি বস্তায় ‘K.S. GOLD Jeera’ সহ ইংরেজিতে বিভিন্ন লেখা রয়েছে।

পুলিশের হিসাব অনুযায়ী, প্রতি কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ১ হাজার টাকা হিসেবে উদ্ধার করা জিরার মোট মূল্য প্রায় ৯ লাখ ৩০ হাজার টাকা।

পরে উদ্ধার করা জিরা ও নৌকাটি জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪১(৮)২৬।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট