সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কসমেটিকস, গরু-মহিষ, চকলেট, কম্বল, জিরা, দুধ, বাসমতি চাল, বাটার, বিস্কুট, ট্যাং, মোটরসাইকেল ও রসুনসহ প্রায় ৪৬ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শুক্রবার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, তামাবিল, বিছনাকান্দি, লাফার্জ, সোনারহাট, সেনালীচেলা, পান্থুমাই, সংগ্রাম ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান চালান। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য ও অন্যান্য চোরাচালানি সামগ্রী জব্দ করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকাও জব্দ করা হয়েছে। জব্দ করা সব পণ্যের আনুমানিক সিজারমূল্য ৪৬ লাখ ৩৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দ করা পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট