আবারও উত্তাল ভারত, রাজপথে ঝাড়খণ্ডের জেন-জিরা

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

আবারও উত্তাল ভারত, রাজপথে ঝাড়খণ্ডের জেন-জিরা

পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। এবার দেশটির ঝাড়খণ্ডের রাজপথে নেমে এসেছেন জেন-জি শিক্ষার্থীরা। সোমবার (১০ আগস্ট) রাজ্যের বিধানসভা অভিমুখে বিক্ষোভ করেছেন তারা। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

জানা যায়, প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে জেন-জি আন্দোলন ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সোমবার (১০ আগস্ট) ঝাড়খণ্ড বিধানসভা অভিযানে নামেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁসের কারণে তরুণদের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

১৬ দিন ধরে চলা আন্দোলনের অন্যতম কর্মসূচি হিসেবে সোমবার সকাল থেকেই ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলা থেকে রাঁচিতে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। প্রধান সড়ক ও বিভিন্ন প্রবেশপথে তল্লাশি চালানো হয়। শহরের অধিকাংশ স্কুলও বন্ধ রাখা হয়। তবে, এসব বাধা পেরিয়ে  বিধানসভার দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে পুলিশ; লাঠিচার্জের পাশাপাশি নিক্ষেপ করা হয় জলকামান ও কাঁদানে গ্যাস।

অথচ, রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছিলেন, লাঠি নয়, আলোচনার মাধ্যমেই হতে পারে সব সমস্যার সমাধান। তবে, গতকাল রোববার পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে সরকারের ছয় দফা বৈঠক হলেও কোনও সমাধান হয়নি।

রাজ্য সরকারের দাবি, তারা শিক্ষার্থীদের ৯৮ শতাংশ দাবি মেনে নিয়েছে এবং তিনটি পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ, তারা ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন।

এ অবস্থায় আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্র পাসওয়ান জানান, সিবিআই তদন্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এদিকে বিক্ষোভের মুখে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) সাবেক চেয়ারপার্সন এল খিয়াংতেকেও গ্রেপ্তার করেছে রাজ্য সিআইডি। গত ২২ জুলাই পদত্যাগ করেছিলেন তিনি।

নিয়োগ পরীক্ষায় সংস্কারের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী বিধানসভায় পৌঁছানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্যে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্র মাহতোও এই মিছিলে অংশ নিয়েছিলেন। আন্দোলনকারীদের শান্ত থাকার এবং পুলিশের সঙ্গে সংঘাত এড়িয়ে নতুন পথ খুঁজে আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করলে কিছু শিক্ষার্থী প্রবল জলধারার মধ্যে নাচতে শুরু করেন। সাম্প্রতিক নিট আন্দোলনের দৃশ্যকে আবারও মনে করিয়ে দিয়েছে এ ঘটনা।

এনডিটিভি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এজন্য প্রশাসন রাঁচির প্রধান প্রধান সংযোগস্থল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যারিকেড বসিয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া, আজ রাঁচির বেশিরভাগ স্কুল বন্ধ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীতে শিক্ষার্থীদের ঢল ঠেকাতে জেলার সীমান্ত, প্রধান সড়ক ও মহাসড়কগুলোতে বাস ও ব্যক্তিগত যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট