সড়ক দুর্ঘটনায় জামালপুর আদালতের সহকারী জজ নিহত

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬

সড়ক দুর্ঘটনায় জামালপুর আদালতের সহকারী জজ নিহত

জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা নামক স্থানে সোমবার (১০ আগস্ট) ভোর চারটার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ এ কে এম সামিউল হক (২৭) নিহত হয়েছেন।

নিহত সহকারী জজ জামালপুর জজ আদালতে ইসলামপুর উপজেলা কোর্টের বিচারক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছিটপাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের পুত্র।

পুলিশ জানায়, ঘটনার সময় লাহিড়ীকান্দায় রাস্তার পাশে রড বোঝাই একটি ট্রাক দণ্ডায়মান ছিল। এ সময় ঢাকা থেকে জামালপুর গামী একটি প্রাইভেট কার এসে পিছন থেকে জোরে ধাক্কা লাগে। ধাক্কায় প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ প্রাইভেটকার যাত্রী জেলা জজ আদালতের এ কে এম সামিউল হক গুরুতর আহত হয়।

খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ এবং জামালপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনস্থলে পৌঁছে উভয়কে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সহকারী জজ এ কে এম সামিউল হককে মৃত ঘোষণা করেন।

প্রাইভেট কার চালক ইদ্রিস আলী (৪৬) জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ আরো জানায়, সহকারি জজ এ কে এম সামিউল হক ঢাকার লালমাটিয়ায় তার বাবার বাসা থেকে জামালপুরে কর্মস্থলে ফিরছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যায়। এখানে কর্তব্যরত ডাক্তার সহকারি জজ সামিউল হক কে মৃত ঘোষণা করেন এবং কার চালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট