কানাডায় জরুরি অবস্থা, দুই শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

কানাডায় জরুরি অবস্থা, দুই শহর থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া। প্রদেশটিতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভয়াবহ দাবানল। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রদেশটির কর্তৃপক্ষ। সেইসঙ্গে দুই শহর ও এর আশেপাশের এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদেরকে। ২০ হাজার মানুষকে সরিয়েও নেওয়া হয়েছে এরই মধ্যে।

রোববার (৯ আগস্ট) মার্কিন বার্তাসংস্থা এপি’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, একযোগে ১০০টিরও বেশি সক্রিয় দাবানল ছড়িয়ে পড়েছে ব্রিটিশ কলম্বিয়ায়। প্রাণহানি এড়াতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ব্রিটিশ কলম্বিয়ার প্রাদেশিক প্রধান ডেভিড ইবি। তীব্র তাপদাহ, শুষ্ক ঝড়ো হাওয়া এবং দীর্ঘস্থায়ী খরার কারণে দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

দাবানলের কারণে ওকানাগান লেক অববাহিকার বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে পুরো সামারল্যান্ড শহরে বসবাসকারী ১২ হাজার এবং পার্শ্ববর্তী পিচল্যান্ডসহ আশপাশের এলাকা থেকে আরও প্রায় আট হাজার বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাদেশিক প্রধান ডেভিড ইবি বলেন, বহু পরিবার অকল্পনীয় ও দুঃসহ দিন পার করছে। ঘরবাড়ি হারিয়েছে। বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আবার অনেকেই তাদের প্রিয়জনদের খবরের জন্য অপেক্ষা করছে।

ফায়ার সার্ভিসের দাবানল অপারেশন পরিচালক ক্লিফ চ্যাপম্যান জানান, সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় আটকে থাকা বহু মানুষ নিরাপদ স্থানে সরতে পারছে না। আকাশপথে তাদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হয়েছে।

দাবানল মোকাবিলায় নিয়োজিত সংস্থারগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা না থাকলে ফলাফল আরও ভয়াবহ হতে পারত বলে জানিয়েছেন চ্যাপম্যান।

গত শুক্রবার সন্ধ্যায় প্রথম শনাক্ত হওয়া ‘বল্ড রেঞ্জ’ দাবানলটি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ৫০ বর্গকিলোমিটার (১৯ বর্গমাইল) এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় প্রথমে ফল্ডার নামে ছোট একটি জনপদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পরে খুবই দ্রুত দাবানলটি প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) পথ পেরিয়ে সামারল্যান্ড শহরের কাছাকাছি পৌঁছে যায়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট