|
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৬
চলতি বছরের প্রথম ছয় মাসেই কানাডা থেকে ৩ হাজার ৩২৩ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এ সংখ্যা ২০২৫ সালে পুরো বছরে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যার প্রায় ৮৮ শতাংশ। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর কানাডা থেকে ভারতীয় নাগরিক বহিষ্কারের নতুন রেকর্ড তৈরি হতে পারে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটি থেকে মোট ৩ হাজার ৭৭৯ ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছিল। ওই সংখ্যাই তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল। তবে ২০২৬ সালের মাত্র ছয় মাসেই গত বছরের সংখ্যার খুব কাছাকাছি পৌঁছে গেছে বহিষ্কারের সংখ্যা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা বর্তমানে অভিবাসন নীতি আরও কঠোর করছে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্থায়ী বিদেশি কর্মীসহ দেশটিতে থাকা অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সিবিএসএর তথ্য অনুযায়ী, কানাডা থেকে বহিষ্কারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের তালিকাতেও ভারতীয় নাগরিকরা সবচেয়ে বড় গোষ্ঠী। বর্তমানে ৭ হাজার ৬৬৯ ভারতীয় নাগরিক বহিষ্কার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
এদিকে চলতি বছর কানাডা থেকে বহিষ্কৃত ভারতীয় নাগরিকের সংখ্যা যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরত পাঠানো ভারতীয় নাগরিকের সংখ্যার তুলনায় আড়াই গুণেরও বেশি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ২৭৩ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে।
কানাডার অভিবাসন ব্যবস্থায় সাম্প্রতিক কড়াকড়ির ফলে দেশটিতে পড়াশোনা, অস্থায়ী কাজ কিংবা অন্যান্য কারণে থাকা বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও বহিষ্কার কার্যক্রম আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D