হবিগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

হবিগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি আবুল হোসেন (৩৫)কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আবুল হোসেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মহামাটি গ্রামের মৃত সামাদ আলীর ছেলে। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(১) ধারায় মামলা রয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন শারীরিক প্রতিবন্ধী নারী। তিনি ও অভিযুক্ত বিভিন্ন সময় একই ইটভাটায় কাজ করতেন। সেই পরিচয়ের সুযোগ নিয়ে ২০২৪ সালের ২০ অক্টোবর ঢাকার দোহার উপজেলার একটি ইটভাটার শ্রমিক কলোনিতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে তারা নিজ এলাকায় ফিরে চুনারুঘাট উপজেলার একটি ইটভাটায় কাজ করার সময়ও অভিযুক্ত ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ রাখেন। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১০ মে বিকেলে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন আবুল হোসেন। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত বারবার বিয়ের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেননি।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‌্যাব-১১ সদর কোম্পানির একটি যৌথ দল অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট